বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা, ভক্তি ও দর্শনের মিলনমেলা কলকাতায়।

বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা, ভক্তি ও দর্শনের মিলনমেলা কলকাতায়।

কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা। গৌড়ীয় মিশন, বাগবাজারের উদ্যোগে আয়োজিত এই মহোৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসব ঘিরে বাগবাজার চত্বর এখন ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে।
এবছর শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ জাতীয় সেমিনার ও সিম্পোজিয়াম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈষ্ণব দর্শনের পণ্ডিত, সন্ন্যাসী ও গবেষকরা অংশ নিচ্ছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও মানবতাবাদী ভাবনার উপর আলোচনা রয়েছে প্রতিদিন।


বিশেষ পূজা, আরতি ও নগর সংকীর্তনের মাধ্যমে সূচনা হয় মেলার। কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। ভক্তদের ঢল নামতে শুরু করে সকাল থেকেই। বহু মানুষ পরিবার পরিজন নিয়ে এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন।
মেলার অঙ্গ হিসেবে বসেছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ভক্তিমূলক সামগ্রী ও প্রসাদের স্টল। পাশাপাশি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন-কীর্তন ও ধর্মীয় বক্তৃতা।, শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম, সাম্য ও ভক্তির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।


গৌড়ীয় মিশনের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, সমাজে বিভেদ ও অশান্তির সময়ে শ্রীচৈতন্যের আদর্শ মানুষকে ঐক্য ও মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সেই ভাবনাকে সামনে রেখেই এবছরের আয়োজন সাজানো হয়েছে।
শহরের বুকে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে বাগবাজার এলাকায় ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। ভক্তদের মতে, এই জন্মোৎসব ও মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মনন ও আত্মশুদ্ধির এক বিশেষ উপলক্ষ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )